দুদিনের ব্যবধানে পিরোজপুরে ফেনসিডিলের বড় চালান আটক

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৩:২৬

দুদিনের ব্যবধানে পিরোজপুর শহর থেকে প্রায় ১১শ বোতল ফেনসিডিল ও নগদ পাঁচ লাখ টাকাসহ সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনার পর মাদক কারবারিদের একটি শক্তিশালী চক্রের সন্ধান পাওয়া গেছে। এ চক্রটির সঙ্গে শহরের প্রভাবশালী রাজনৈতিক মহলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে জানা গেছে। 

মাদকের সর্বশেষ চালানটি রবিবার রাতে এবং প্রথমটি গত শুক্রবার সকালে একটি প্রাইভেটকার থেকে আটক করে পুলিশ।

সদর থানার পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাত ৮টায় সাবেক ছাত্রলীগ নেতা মশিউর রহমান ওরফে শুভর বাসা ঘিরে তল্লাশি চালায় পুলিশ। এ সময় তার শয়নকক্ষের খাটের নিচে বিশেষ কায়দায় রাখা ৩শ ৩ বোতল ফেনসিডিল এবং বাসার আলমিরা থেকে পাঁচ লাখ টাকা উদ্ধার করা হয়। রাত ১১টার দিকে গ্রেফতার করা হয় শুভকে। একই সঙ্গে তার সহযোগী ও পৌর এলাকার আলামকাঠী গ্রামের বাসিন্দা রনজিৎ কুমার বসুর ছেলে সঞ্জয় কুমার বসুকেও (৩০) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শুভ পুলিশকে জানান, তিনি জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। এছাড়া ছাত্রলীগ মনোনীত প্যানেলে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক। তিনি সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের বড়জালা গ্রামের মৃত আশ্রাফ আলী খানের ছেলে এবং পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মেজবাউদ্দিন সাবুর ছোট ভাই। 

আরো পড়ুন: বাবার পিস্তলের গুলিতে পুলিশের ডিসির ছেলের মৃত্যু

অভিযানের নেতৃত্বদানকারী অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মশিউর রহমান শুভর বাসায় অভিযান চালায়। 

এর আগে গত শুক্রবার পিরোজপুর শহরতলীর মাছিমপুরে যুব উন্নয়নের প্রশিক্ষণ কেন্দ্রের পাশ থেকে ফেনসিডিলসহ একটি গাড়ি আটক করে পুলিশ। এ সময় গাড়ি থেকে সাত বস্তায় ৭৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। 

পুরাতন বাসস্টান্ড এলাকার স্থানীয়রা জানান, ফেনসিডিলের চালান নিয়ে মাছিমপুর এলাকার আরামবাগ সড়কের এক ছাত্রনেতার বাসায় যাওয়ার বদলে শিমুলবাগ সড়কে ভুলক্রমে ঢুকে পড়ে। রবিবার রাতে শহরের ঝাটকাঠি থেকে উদ্ধারকৃত ফেনসিডিলও ঐ চালানের একটি অংশ। 

সদর থানার ওসি নূরুল ইসলাম বাদল জানান, রবিবার রাতেই আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

ইত্তেফাক/জেডএইচ