বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় রফিকুল ইসলাম (৩৫) নামে এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার সিনেমাহল চৌমাথা এলাকার নিজ চেম্বার থেকে তাকে আটক করে র্যাব-৮ এর সদস্যরা। আটক রফিকুল বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের মৃত হাতেম আলীর ছেলে।
বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম জানান, ‘রফিকুল নিজেকে বড় মাপের এমবিবিএস ডাক্তার হিসাবে পরিচয় দিয়ে চেম্বার বসিয়ে সাধারণ রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর সদস্যদের সঙ্গে নিয়ে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর ডাক্তার হিসাবে সনদপত্র এবং কোন রেজিস্ট্রেশন দেখাতে না পারায় তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: মঠবাড়িয়ায় প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে দুইদিন ধরে ছাত্র বিক্ষোভ
তাকে আটকের পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল এ্যাক্ট ২০১০ এর ২৮ ও ২৯ ধারায় ১ বছরের জেল ও দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অনাদায়ে আরও ২ মাসের জেল প্রদান করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ইত্তেফাক/এএএম/নূহু
