মহেশপুরে ২ পরিবহনে ডাকাতি, আহত ৩

আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ১৬:০৭

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় দুই পরিবহনে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পুরন্দপুর কাঁঠালতলা মোড়ে ঢাকা টু দর্শনাগামী দর্শনা ডিলাক্স ও পূর্বাশা পরিবহনে এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় নারীসহ ৩জন আহত হন এবং নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইলসহ প্রায় ১০ লক্ষাধিক টাকা  ছিনিয়ে নেয় ডাকাতরা। 
 
এলাকাবাসী ও পরিবহন সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে ঢাকা থেকে দর্শনা ডিলাক্সের (ঢাকা মেট্রো-ট-৮৫৯১) একটি পরিবহন ছেড়ে আসে। এরপর রাত সাড়ে ৩টার দিকে কাঁঠালতলা পৌঁছালে ১০/১২জনের একটি ডাকাত দল রাস্তায় গাছ ফেলে গাড়ির গতিরোধ করে যাত্রীদের মারপিট করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ও নারীদের কাছ থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নেয় ডাকাতরা। 

গাড়ির সুপারভাইজার আরিফ হোসেন জানায়, তারা কোটচাঁদপুর থেকে মহেশপুর সীমানায় ঢোকার পূর্বেই পুলিশের হাইওয়ে দায়িত্বরত এএসআই সজলের সঙ্গে যোগাযোগ করে রওয়ানা হন। পুলিশ রাস্তায় কোন সমস্যা নেই বলে জানায়। এরপর গাড়িটি পুরন্দপুর নামক স্থানে আসলে তারা ডাকাতির কবলে পড়ে। ডাকাতরা কার্পাসডাঙ্গার এক যাত্রীর পিঠে ধারালো দা দিয়ে কোপ মারে। মানিকগঞ্জ পাটুরিয়া থেকে আসা ভারতগামী এক যাত্রীর হাতে আঘাত করে তার কাছ থেকে ২০ হাজার টাকা ও ২টি আই ফোন ছিনিয়ে নেয়। ওই উজেলার উথলি গ্রামের এক নারী যাত্রীর হাতে আঘাত করে গলার চেইন ও মোবাইল ছিনিয়ে নেয় এবং তার কাছে থাকা ৮ হাজার টাকাসহ প্রায় ১০ লক্ষ টাকা ছিনিয়ে নেয়। 

আরও পড়ুন: সিঁধ কেটে ঘরে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

অপরদিকে দর্শনা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-২৪০৮) একটি বাস একই স্থানে ডাকাতির কবলে পড়ে। পূর্বাশা পরিবহনের হেলপার শুকুর আলী জানায়, তাদের পরিবহনে বেশী যাত্রী ছিল না। ড্রাইভার, সুপারভাইজার, হেলপার ও যাত্রীদেরকে মারধর করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় ডাকাতরা। 

পরিবহনের যাত্রীরা জানায়, ঘটনার সময় পুলিশ ইচ্ছা করলে ডাকাতদেরকে আটক করতে পারত। কিন্তু তারা আটক না করে বাঁশি বাজিয়ে তাদেরকে তাড়িয়ে দেয়। পুলিশের ব্যর্থতার কারণে ডাকাতদেরকে আটক করতে পারেনি। 

এ বিষয়ে মহেশপুর থানার এস.আই আনিসুজ্জামান জানান, ঘটনার পরপরই তারা ঘটনাস্থলে গিয়েছিল তেমন ক্ষয়ক্ষতি হয়নি। 

কোটচাঁদপুর এএসপি( কোটচাঁপুর) সার্কেল আতিক হাসান জানান, ঘটনাটি তিনি জানতে পেরেছেন বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

ইত্তেফাক/এএএম