গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া থেকে সাগর মিয়া (৩০) নামে পুলিশের এক ভুয়া এসআইকে (উপ-পরিদর্শক) আটক করা হয়েছে। বুধবার বিকাল ৫টার দিকে তাকে আটক করে পুলিশ। আটককৃত সাগর মিয়া সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের বারোকোনা গ্রামের সাইদুর রহমানের ছেলে।
সাঘাটা উপজেলার বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই এনায়েত হোসেন জানান, বুধবার বিকালে বাজারের রিপন কুমারের পানের দোকান থেকে সাগর মিয়া এক প্যাকেট সিগারেট নেন। এরপর বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে নব যোগদানকারী পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হিসাবে নিজের পরিচয় দেন সাগর মিয়া। এসময় তিনি তার কাছ থাকা পুলিশের পোশাক পরা একটি ভুয়া আইডি কার্ডও প্রদর্শন করেন। পরবর্তীতে সিগারেটের দাম পরে দিবেন বলে আরও ৫০০ টাকা ধার চান। বিষয়টি দোকানদার রিপনের সন্দেহ হলে কৌশলে মোবাইল ফোনে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দিলিপ কুমারকে জানান। তাৎক্ষনিক দিলিপ কুমার ঘটনাস্থল এসে ভুয়া এস আই পরিচয়দানকারী সাগরকে আটক করেন।
আরও পড়ুন: চন্দনাইশে নিখোঁজ নারীর লাশ উদ্ধার
তিনি আরও জানান, আটক ভুয়া এসআই সাগরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/এএএম

