পুতিনকে প্রশ্ন করে চাকরি হারালেন সাংবাদিক

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ২১:১৬

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতি বছর বড় করে একটি সংবাদ সম্মেলন করেন। সেখানে তার বক্তব্য শোনার পর তাকে নানা বিষয়ে প্রশ্ন করার জন্যে সাংবাদিকদের ডাকা হয়। সংবাদ সম্মেলন মানেই সেখানে সাংবাদিকরা প্রশ্ন করবেন এবং যারা সেটি আয়োজন করেছেন তারা উত্তর দেবেন সাধারণত সেরকমই হয়ে থাকে। কিন্তু প্রশ্ন করার জন্য চাকরি হারালেন একজন টেলিভিশন সাংবাদিক। খবর বিবিসি বাংলা’র

প্রশ্নটি কী ছিল : রাশিয়ার ইয়ামাল এলাকার রাষ্ট্রীয় টেলিভিশনের সাংবাদিক অ্যালিসা ইয়ারাভস্কিয়া প্রেসিডেন্ট পুতিনের বাৎসরিক সংবাদ সম্মেলনে গিয়েছিলেন। প্রায় তিন ঘণ্টা ধরে চলে সেখানে প্রশ্ন-উত্তর পর্ব। এরকম সময় মাইক হাতে পেলেন অ্যালিসা ইয়ারাভস্কিয়া। যদিও মাইক্রোফোনটি যাওয়ার কথা ছিল একই চ্যানেলের অন্য এক সাংবাদিকের কাছে। তিনি বলেন, বৈশ্বিক উষ্ণতা ইয়ামাল এলাকার জন্য বড় ধরণের সৌভাগ্য বয়ে আনছে। এর ফলে আর্কটিক সাগরের বরফ গলে যাচ্ছে আর তাতে স্থানীয় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হচ্ছে। কিন্তু একটি সেতু নির্মাণে অনেক দেরি হচ্ছে বলে উল্লেখ করেন অ্যালিসা। তিনি বলেন, ‘আমরা শুনতে পেরেছি এ ব্যাপারে কেন্দ্রীয় পর্যায় থেকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না। তাই আমার প্রশ্ন বিষয়টি নিয়ে বড়সড় উদ্যোগ নেওয়া হবে কিনা। উত্তরে পুতিন বলেন, ব্রিজটি আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ সংযোগস্থল হিসেবে কাজ করবে। তাই এর দিকে বাড়তি নজর দেওয়া হবে। 

যে কারণে চাকরি হারাতে হলো: ঠিক কী কারণে ঐ টিভি সাংবাদিকের চাকরি গেল তা পরিষ্কার নয়। তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, এই প্রশ্নে নাখোশ হয়েছেন ইয়ামাল অঞ্চলের কর্তৃপক্ষ। আর তিনি যে প্রশ্ন করেছেন তা অন্য আরেকজনের সেই প্রশ্ন করার কথা ছিল। তাকে মাইক্রোফোন না দিয়ে তিনি প্রশ্ন করা শুরু করেন। এছাড়া যে চ্যানেলে তিনি কাজ করেন সেটির মালিক স্থানীয় প্রশাসন। 

আরও পড়ুন: ব্যাংক ডাকাতির টাকায় বড়দিনের শুভেচ্ছা!

অন্যদিকে আরেক রিপোর্টে বলা হয়েছে, সংবাদ সম্মেলনে তোলা পুতিনের একটি ছবি অ্যালিসা ফেসবুকে পোষ্ট করেছিলেন। যাতে তিনি প্রেসিডেন্টকে কেমন দেখাচ্ছিল সে নিয়ে মন্তব্য করেছেন।

ইত্তেফাক/এসইউ