দেনা মেটাতে নবজাতক শিশু চুরি!

আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ০৭:৪২

বাজারে সাড়ে তিন লক্ষ টাকা দেনা। তা মেটাতেই নবজাতক শিশু চুরি করে বিক্রির পরিকল্পনা করেছিল এক নারী। ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের ওই নারীর নাম পিংকি বন্দ্যোপাধ্যায়। স্থানীয় একটি হাসপাতাল থেকে শিশুটিকে চুরির ২৪ ঘণ্টার মধ্যে পুলিশের জালে ধরা পড়ে যায় পিংকি। জেরার মুখে ওই নারী স্বীকার করেন, শিশুটিকে দেড় লক্ষ টাকায় এক দালালের কাছে বিক্রি করার পরিকল্পনা ছিল তার। 

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, বাচ্চা চুরির মতলব নিয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে গর্ভবতী সেজে ভর্তি হতে চেয়েছিল পিংকি। কিন্তু সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে গর্ভবতী নয় বলে ভর্তি নেননি। এর পর ছক বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালেও একই কায়দায় ভর্তি হয়। কিন্তু টেকনিক্যাল কারণে ইউএসজি করাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। পরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছিল পিংকিকে। 

গত রবিবার স্থানীয় একটি হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে ছুটি পেয়ে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন চুরি হওয়া কণ্যা শিশুর মা রিমা মালিক। সঙ্গে স্বামী সন্দীপ মালিকও ছিলেন। এসময় পিংকি তাদেরকে টার্গেট করে। সরকারি প্রকল্প থেকে ছয় হাজার টাকা পাইয়ে দেওয়ার নাম করে পাশের আরেকটি হাসপাতালে নিয়ে গিয়ে দম্পতিকে বোকা বানিয়ে শিশুটিকে নিয়ে চম্পট দেয় পিংকি।

আরও পড়ুন: ট্রাম্পকে হত্যা করতে ৩০ লাখ ডলার পুরস্কার ঘোষণা

হাসপাতাল থেকে নবজাতককে চুরি করে দুর্গাপুরে একটি বাসা ভাড়া নেয় পিংকি। এর মধ্যে শিশুটিকে বিক্রি বাবদ দেড় লক্ষ টাকায় এক দালালের সঙ্গে চুক্তি করে পিংকি। শিশুর বাবা-মা পুলিশকে বিষয়টি অবহিত করলে শিশু চোর পিংকিকে দুর্গাপুরের একটি বাড়ি থেকে গ্রেফতার করে। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে ওই নারীর দ্বিতীয় স্বামীকেও গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ধারণা করছে, এর পেছনে বড়ো একটি চক্র কাজ করছে। 

ইত্তেফাক/এসইউ