করোনা ভাইরাসের (কভিড-১৯) প্রভাবে অর্থনীতির ক্ষতি কাটাতে জরুরিভাবে সুদ হার কমানোর ঘোষণা দিয়েছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। গতকাল মঙ্গলবার একদফায় ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে নতুন সুদ হার করা হয়েছে ১ শতাংশ থেকে ১.২৫ শতাংশ। ২০০৮ সালের মন্দার পর এই প্রথম পূর্ব ঘোষণা ছাড়াই সুদ হার কমানোর সিদ্ধান্ত আসল। মন্দার পর ২৫ বেসিস পয়েন্ট করে সুদ হার কমানোর ঘোষণা আসলেও এবার একলাফে ৫০ বেসিস পয়েন্ট কমানো হলো যা সর্বোচ্চ।
করোনা ভাইরাসের প্রভাবে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা আরো দ্রুত হওয়ার আশঙ্কায় মঙ্গলবার সকালে জি-৭ ভুক্ত দেশের অর্থমন্ত্রীরা অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় নিজেরা একমত হয়। এর পরেই ফেডারেল রিজার্ভের এমন সিদ্ধান্ত আসল। ফেড এক বিবৃতে উল্লেখ করেছে, অর্থনীতির সর্বোচ্চ ঝুঁকি বিবেচনায় নিয়ে, সর্বোচ্চ কর্মসংস্থান নিশ্চিত করা ও আন্তর্জাতিকভাবে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সুদ হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ২০০৮ সালে বিশ্বমন্দার প্রেক্ষাপটে এরকম অনির্ধারিত সিদ্ধান্ত নিয়েছিল ফেড।
অর্থনীতির পরাশক্তি গ্রুপ সেভেন (যুক্তরাষ্ট্র, জাপান, কানাডা, যুক্তরাজ্য, ইটালি, ফ্রান্স এবং জার্মানি) বা জি-৭-এর অর্থমন্ত্রীরা করোনার প্রভাবে অর্থনীতির ক্ষতি কাটাতে সকল নীতি সহায়তা প্রয়োগের যৌথ সিদ্ধান্ত নেয়। বিবিসির সংবাদ অনুযায়ী ইতোমধ্যে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়াও কেন্দ্রীয় সুদ হার কমানোর ঘোষণা দিয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, করোনা ভাইরাসের অর্থনৈতিক ক্ষতি কতটা হবে সেটা বুঝতে আরো কিছু দিন সময় লাগবে। ফেড অনেকটা দ্রুতই সিদ্ধান্ত নিয়েছে সুদ হার কমানোর।
আরো পড়ুন : করোনা ভাইরাস : যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে ৯
সোমবার অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) সতর্ক করে বলেছে বিশ্ব অর্থনীতি এখন মন্দার দ্বারপ্রান্তে। এ বছর বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২ দশমিক ৪ শতাংশে নেমে আসতে পারে। গত সপ্তাহেও সারা বিশ্বের বড়ো বড়ো শেয়ারবাজারে পতন ঘটে। বিশ্বমন্দার গতি দ্রুততর হচ্ছে। সেই প্রভাব কাটাতে এমন সিদ্ধান্ত নিয়েছে ফেড।
ইত্তেফাক/ইউবি

