চীনা কর্মকর্তা ও হংকংয়ে তাদের সহযোগীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এদের মধ্যে হংকংয়ের নির্বাহী প্রধান ক্যারি ল্যামও আছেন।
হংকং-এর স্বায়ত্বশাসন খর্ব করার অভিযোগে শুক্রবার মার্কিন ট্রেজারি বিভাগ ১১ চীনা কর্মকর্তার বিরুদ্ধে এই ব্যক্তিগত নিষেধাজ্ঞা জারি করলো।
মার্কিন ট্রেজারি বিভাগ এক বিবৃতিতে জানায়, ‘হংকংয়ের জনগণের সাথে যুক্তরাষ্ট্র পাশেই আছে এবং আমরা তাদের স্বায়ত্তশাসনের ক্ষুন্নকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।’
হংকংয়ে চীনের দমন নিপীড়নের জবাব দিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে এক নির্বাহী আদেশে সাক্ষর করেন। এই নিষেধাজ্ঞা তারই প্রতিফলন।
যুক্তরাজ্যের সাবেক কলোনি হংকং এতোদিন স্বায়ত্বশাসিত ছিল। তবে সম্প্রতি চীন হংকংয়ের ওপর নতুন একটি নিরাপত্তা আইন আরোপ করে। বিশ্লেষকরা দাবি করেন, এই আইনের কারণে হংকংয়ের স্বায়ত্বশাসন ভেস্তে গেছে । ১৯৯৭ সালে ব্রিটেন হংকংকে চীনের কাছে হস্তান্তর করে।
ইত্তেফাক/এসআর

