ধর্ষণ মামলার আসামি ধরতে স্কেচ প্রকাশ করল ভারতীয় পুলিশ

আপডেট : ১০ আগস্ট ২০২০, ১৬:০৪

৬ বছরের এক শিশুকে গণধর্ষণ মামলায় অভিযুক্ত তিন আসামির স্কেচ প্রকাশ করেছে ভারতীয় পুলিশ। গত বৃহস্পতিবার ওই শিশুটি অপহরণের পর গণধর্ষণের শিকার হয়। 

এনডিটিভির খবরে বলা হয়, উত্তরপ্রদেশের হাপুর জেলায় ৬ বছরের মেয়েকে অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। ঘটনার ৪ দিনেও অভিযুক্তদের ধরতে পারেনি পুলিশ। তাই ৩ অভিযুক্তকে ধরতে স্কেচ প্রকাশ করেছে পুলিশ। শিশুটির বাবা-মায়ের সঙ্গে কথা বলে অভিযুক্তদের ছবি আঁকা হয়েছে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মেয়েটি।

ঘটনার বিবরণীতে বলা হয়, উত্তরপ্রদেশের গড় মুক্তেশ্বর এলাকায় মেয়েটি যখন বাড়ির বাইরে খেলছিল তখনই সেখানে মোটর সাইকেলে করে এসে তাকে অপহরণ করে নিয়ে যায় অভিযুক্তরা। ঘটনার পর যখন শিশুটির বাবা-মা থানায় গিয়ে মেয়ের নিখোঁজ ডায়রি করেন তখন তদন্তে নামে পুলিশ। শুক্রবার সকালে মেয়েটিকে অচেতন ভাবে তার বাড়ি থেকে দূরে একটি ঝোপের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

পড়ে বাচ্চা মেয়েটিকে উদ্ধার করে তৎক্ষণাৎ একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং প্রাথমিক রিপোর্টে তাকে যে ধর্ষণ করা হয়েছে সেটি নিশ্চিত হয়েছে পুলিশ। ইতিমধ্যে শিশুটির একটি অস্ত্রোপচার করা হয়েছে। 

হাপুরের পুলিশ প্রধান সঞ্জীব সুমন বলেন, মেয়েটির শারীরিক অবস্থার কারণে এখনও তার জবানবন্দি রেকর্ড করা সম্ভব হয়নি। আমরা আশা করছি খুব শিগগিরই অভিযুক্তদের গ্রেফতার করতে পারবো, ৬টিরও বেশি তদন্তকারী দল এবিষয়ে সব জায়গায় তল্লাশি করছে।

এদিকে এই ঘটনার প্রতিবাদে উত্তরপ্রদেশের বিরোধী দল সমাজবাদী পার্টি এবং কংগ্রেস জেলা পুলিশ প্রধানের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখানোর হুমকি দিয়েছে।

ইত্তেফাক/আরআই