সৌদি যুবরাজ আবদুল আজিজ বিন আবদুল্লাহ বিন আবদুল আজিজ বিন তুর্কি আল সৌদ মৃত্যুবরণ করেছেন। শনিবার রাজধানী রিয়াদে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে বলে দেশটির বার্তা সংস্থা এসপিএর বরাত দিয়ে জানিয়েছে আরব নিউজ।
প্রয়াত এই যুবরাজ ১৯৬২ সালের ২৭ অক্টোবর রিয়াদে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের পঞ্চম পুত্র।
ব্রিটেনের হার্ডফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করা এই যুবরাজ অর্থনীতি বিষয়েও ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯১ সাল থেকে সৌদি আরবের ন্যাশনাল গার্ডের বিভিন্ন পদে দায়িত্ব পালন শুরু করেন। যুবরাজ আবদুল্লাহ বিন আবদুল আজিজের উপদেষ্টা হিসেবেও কাজ করেন তিনি।
২০১১ সালে বাদশাহ আবদুল্লাহর পক্ষে উপপররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। রিয়াদের বিখ্যাত কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য ছিলেন তিনি।
এছাড়াও তিনি ‘কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ফর ট্রান্সলেশন’-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

