আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলের চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার ওই অঞ্চল নিয়ে দুই দেশের মধ্যে শত্রুতা বন্ধের আহ্বান জানান পুতিন। খবর রয়টার্সের।
টেলিভিশনে দেওয়া সাক্ষাত্কারে পুতিন বলেন, দুদেশের সেনাদের মধ্যে চলমান লড়াই আসলেই একটি ট্র্যাজেডি। এটা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন। আমরা আশা করি এই সংঘাত খুব দ্রুতই শেষ হবে।
এদিকে বুধবার রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে চলমান যুদ্ধের দশম দিনে মঙ্গলবার আরও ৪০ জন আর্মেনীয় সেনা নিহত হয়েছেন। এ নিয়ে এই যুদ্ধে আর্মেনীয় সেনাদের মৃতের সংখ্যা বেড়ে ২৮০ জনে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: করোনার দ্বিতীয় দফার সংক্রমণে জটিল সমস্যায় পড়েছে ব্রিটিশ সরকার!
আর্মেনীয় অধ্যুষিত নাগোরনো-কারাবাখ নিয়ে আজ়ারবাইজান ও আর্মেনিয়ার বিবাদ দীর্ঘদিনের। ১৯৯৪ সালে অস্ত্রবিরতির আগে আজ়ারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার যুদ্ধে প্রায় ৩০ হাজার মানুষের প্রাণহানি ঘটে। ওই লড়াইয়ের পর থেকে নাগোরনো-কারাবাখ অঞ্চল আর্মেনিয়ার মদতে দখল করে নেয় আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা। ২০১৬ সালে ওই এলাকায় সংঘর্ষে ১১০ জন নিহত হয়েছিলেন।
ইত্তেফাক/আরআই

