১০০ টাকায় মিলছে আস্ত বাড়ি!

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ১৩:২৬

বাংলাদেশি ১০০ টাকার কম মূল্যে মিলছে বাড়ি! এমন খবর দেখে সবাই গুজব-ভিত্তিহীন বলেই এড়িয়ে যাবেন। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য ইতালিতে কফির চেয়েও কম দামে মিলছে আস্ত বাড়ি।  

সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ সিসিলিতে এমন সস্তা দামে ছোট থেকে মাঝারি বাড়ি বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছে। সিসিলির সাম্বুকা নগর প্রশাসন এই বিজ্ঞাপন দিয়েছে বলে জানানো হয়। 

বিজ্ঞাপনে প্রতিটি বাড়ির মূল্য ধার্য করা হয়েছে মাত্র ১ ইউরো যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৬ টাকা। দেশি-বিদেশি যেকেউ এসব বাড়ি কিনতে পারবেন বলে সিসিলির সাম্বুকা নগর প্রশাসন জানায়। 

সম্প্রতি সাম্বুকা শহরটি ছেড়ে মানুষজন বড় শহরের দিকে ধাবিত হচ্ছে। তাই সাম্বুকা শহরটিকে আবারো জাকজমকপূর্ণ ও লোকসমাগমের লক্ষেই এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

বাড়িগুলো ৪০ থেকে ১৫০ বর্গমিটারের (প্রায় ৪৩০ থেকে ১ হাজার ৬১৪ বর্গফুট)। শহরটির ডেপুটি মেয়র ও পর্যটনবিষয়ক কাউন্সিলর জুজেপ্পে কাচোপ্পো বলেন, বাড়িগুলো বর্তমানে নগর প্রশাসনের মালিকানায় রয়েছে। আর বাড়ি কিনতে এখানে প্রতারণার কোনো ঝুঁকি নেই। 

তবে বাড়ি কেনার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে কিছু শর্ত। কোন গ্রাহক বাড়ি কিনলে নিজের টাকা দিয়ে বাড়িটি ঘষেমেজে ঝকঝকে করতে হবে এবং এর জন্য তিন বছর সময় পাবেন। 

বাড়ি কিনে সংস্কারের জন্য ক্রেতাকে ন্যূনতম ব্যয় করতে হবে ১৫ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় ১৪ লাখ ৩৬ হাজার টাকা)। এছাড়া নিরাপত্তা আমানত হিসেবে ফেরতযোগ্য ৫ হাজার ইউরো (৪ লাখ ৭৮ হাজার টাকা) জমা রাখতে হবে শুরুতে।

বাড়ি সংস্কারের কাজ শেষ হলেই ক্রেতাকে বাড়ি দেওয়া হবে জানিয়ে কর্তৃপক্ষ। তথ্যসূত্র: গার্ডিয়ান, সিএনবিসি।     

ইত্তেফাক/এসআর