নতুন মিসাইলের পরীক্ষা করলো পাকিস্তান। শনিবার ভারতের প্রজাতন্ত্র দিবসের আগে সফলভাবে ‘নাসর’ নামের স্বল্পপাল্লার একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ করে দেশটি। খবর ডনের।
পাক সেনাবাহিনীর আর্মি স্ট্যাট্রেজিক ফোর্সেস কমান্ড ক্ষেপণাস্ত্রটি ছুঁড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সামরিক ক্ষেত্রে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ভারত। এই অবস্থায় শক্তি বাড়ানোর খবর জানান দিতেই ভারতের প্রজাতন্ত্র দিবসকে বেছে নেয় পাকিস্তান।
পাক সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, দক্ষতা বাড়ানো এবং কারিগরি দিকগুলো যাচাই করার উদ্দেশ্যে ‘নাসর’ ছোঁড়া হয়। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ‘নাসর’ শত্রুর সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাসহ অন্যান্য ব্যবস্থাকে প্রতিহত করতে পারবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুনঃ বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সবাই এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী

শনিবারই ৭০তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করে ভারত। এদিন কুচকাওয়াজ শুরুর আগে ভারত অধ্যুষিত জম্মু-কাশ্মিরের শ্রীনগরে অভিযান চালায় দেশটির সেনাবাহিনী। এতে দুইজন নিহত হয়। নিহত ওই ২ জঙ্গি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে হামলার পরিকল্পনা করেছিল বলে দাবি করেছে দেশটি।
ইত্তেফাক/টিএস

