গাজা উপত্যকায় হামাসের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রকেট হামলা চালানোর পর বুধবার রাতে তারা এ হামলা চালায়।
ফিলিস্তিন ভূখণ্ডের প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় রাত আড়াইটার পরপরই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গাজার দক্ষিণাঞ্চলে হামাসের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়।
এদিকে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, গাজা উপত্যকা থেকে বুধবার রাতে ইসরায়েলে চালানো রকেট হামলার জবাবে আইডিএফ যুদ্ধবিমান ও হেলিকপ্টার ব্যবহার করে হামাসের একটি রকেট কারখানায় এবং সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে।
এর আগে, সামরিক বাহিনীর এক মুখপাত্র জানান, গাজা থেকে ছোড়া রকেট ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একটি ফাঁকা মাঠে আঘাত হানে।
এ রকেট হামলায় ক্ষতি বা হতাহতের খবর তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জানুয়ারির পর থেকে এই প্রথমবারের মতো ফিলিস্তিন ভূখণ্ড থেকে ইসরাইলে রকেট হামলা চালানো হয়। তবে এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।
ইত্তেফাক/জেডএইচডি

