পরিবারে কন্যা সন্তান জন্ম নিলেই হত্যা করছে বাবা-মা। তৃতীয় সন্তান হত্যার পর বের হয়ে আসে এমন নৃশংস তথ্য। এর আগের দুই সন্তানকে খুন করে কবর দিয়েছিল এই খুনি বাবা-মা সঞ্জয় গুপ্ত ও সংগীতা গুপ্ত দম্পতি। ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ার লিলুয়া থানা এলাকার ঘুঘুপাড়ায় শুক্রবার (২৫ জানুয়ারি) তৃতীয় কন্যা সন্তানকে হত্যা করে তারা।
দূরারোগ্য ব্যাধিতে আগের দুই কন্যা সন্তানের অকালমৃত্যু হয়েছে প্রচার করে আগের দুই শিশুকে কবর দিয়েছে এই দম্পতি। তৃতীয় কন্যা সন্তানকেও একই কায়দায় খুন করে কবর দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলো তারা। আগের দুই সন্তানের মৃত্যুর ঘটনায় প্রতিবেশীরাও সমব্যথী ছিল। তবে শুক্রবার সদ্য জন্ম নেওয়া শিশুটিকে কবর দেওয়ার সময় পাড়ার একটি দোকান থেকে সঞ্জয় গুপ্ত লবণ কিনতে গেলে প্রতিবেশীদের সন্দেহ হলে তারা খবর দেয় পুলিশকে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একে একে তিনটি শিশুকন্যাকে শ্বাসরোধ করে খুন করে কবর দিয়েছে অভিযুক্ত দম্পতি। কন্যাসন্তান কাম্য নয়, এই কারণে তিন সন্তানকে খুন করেছে এমন অভিযোগ এসেছে এই দম্পতির বিরুদ্ধে।
আরও পড়ুন: ৫০ বছরের প্রেমেও সন্তান নেই, চিকিৎসকের কাছে কুমির দম্পতি
স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ওই দম্পতি-সহ শ্বশুর শ্বাশুড়ী ও ননদকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে লিলুয়া থানায়। এদিকে স্থানীয় বিডিও-র উপস্থিতিতে দেহ কবর থেকে তুলে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
ইত্তেফাক/জেডএইচডি
