থাইল্যান্ডে প্রধানমন্ত্রী পদে রাজকুমারির প্রার্থিতা বাতিল

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:২৩

থাইল্যান্ডে প্রধানমন্ত্রী পদে রাজকুমারি উবলরত্না সিরিবধনার (৬৭) প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। গতকাল সোমবার কমিশন তার মনোনয়নপত্রটি বাতিল করে দেয়।

নির্বাচন কমিশন থাইল্যান্ডের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক রাজনৈতিক দলগুলোর প্রধানমন্ত্রী পদে প্রার্থীদের তালিকা প্রকাশ করে। এতে দেখা যায় রাজকুমারি উবলরত্নার নাম নেই। উবলরত্না দেশটির বর্তমান রাজা প্রিন্স মাহা ওয়াজিরালংকর্ণের বোন।

থাই নির্বাচন কমিশন জানিয়েছে, দেশটির ঐতিহ্য অনুযায়ী রাজপরিবারের সদস্যরা রাজনীতির ঊর্ধ্বে। একইসঙ্গে তারা কোনো রাজনৈতিক পদেও থাকতে পারেন না। প্রায় ৫ বছর পর থাইল্যান্ডে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আরো পড়ুন: দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ দ্বীপের কাছে মার্কিন যুদ্ধজাহাজ

বহুল প্রতীক্ষিত নির্বাচনে থাই রাকসা চার্ট পার্টি থেকে প্রধানমন্ত্রী পদে নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন উবলরত্না। পেয়েছিলেন মনোনয়নও। কিন্তু তার বড় ভাই তার নির্বাচনে অংশগ্রহণের তীব্র সমালোচনা করেন। - আল জাজিরা

ইত্তেফাক/এসআর