ঢাকার কেরানীগঞ্জে কর্মস্থলে যাওয়ার পথে সাথী আক্তার (৩০) নামে এক নারী কারারক্ষী ছিনতাইয়ের শিকার হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) ভোরে দক্ষিণ কেরানীগঞ্জের মুজাহিদনগর আন্ডারপাস সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাথী আক্তার জানান, তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে কর্মরত। বুধবার ভোর সোয়া ৬টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় শ্যামলীতে মানসিক হাসপাতালে ভর্তি এক নারী আসামির নিরাপত্তার দায়িত্ব পালনের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে তিনি মুজাহিদনগর আন্ডারপাস এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা তিন থেকে চারজন ব্যক্তি তার গতিরোধ করে।
তিনি আরও জানান, ছিনতাইকারীরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার গলায় থাকা স্বর্ণের চেইন, কানে থাকা ১২ আনা ওজনের এক জোড়া কানের দুল, একটি মুঠোফোন এবং ভ্যানিটি ব্যাগে থাকা ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। একপর্যায়ে তিনি চিৎকার শুরু করলে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়।
ঘটনার বিষয়টি কারাগারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর তাদের পরামর্শে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানান সাথী আক্তার।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

