হাসপাতালের মর্গে পড়ে আছে বৃদ্ধের মরদেহ, স্বজনের হদিস নেই

আপডেট : ২৫ জুন ২০২৬, ২১:০৬

রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে ২৪ ঘন্টার বেশি সময় ধরে এক বৃদ্ধের মরদেহ পড়ে আছে। আত্মীয়-স্বজনের হদিস না পাওয়ায় মরদেহটি হস্তান্তর করা সম্ভব হয়নি বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। এই পরিস্থিতিতে স্বজনদের সন্ধানে কাজ করছে পুলিশ।

সর্বশেষ বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৯টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহটি হাসপাতালের মর্গে রাখা আছে বলে জানিয়েছেন রাজবাড়ী সদর থানা ওসি উত্তর কুমার ঘোষ। এর আগে বুধবার বিকেল ৩টার দিকে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, গত বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে তিনি হঠাৎ তীব্র অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। একই দিন বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে তার পরিবারের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই লাশের পরিচয় নিশ্চিত করতে ও তার সঠিক আত্মীয়-স্বজনের সন্ধান চাইছে রাজবাড়ী সদর থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ জুন সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে ওই বৃদ্ধ হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্টেশনের স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে ভর্তির সময় তিনি নিজেই নিজের নাম ‘আমির হামজা’ এবং ঠিকানা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা হিসেবে উল্লেখ করেন। কিন্তু ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় ওই দিনই বিকেল ৩টা ১০ মিনিটে তিনি মারা যান।

রাজবাড়ী সদর থানার ওসি উত্তর কুমার ঘোষ জানান, মৃত্যুর পর হাসপাতাল বা রেলস্টেশনে ওই বৃদ্ধের কোনো আত্মীয়-স্বজন বা পরিচিত কাউকে পাওয়া যায়নি। বর্তমানে তার মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে (মামলা নং- ২৮/২৬)।

পুলিশের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে, যদি কোনো ব্যক্তি এই বৃদ্ধকে চিনে থাকেন বা তার পরিবারের খোঁজ জেনে থাকেন, তবে দ্রুত রাজবাড়ী সদর থানায় অথবা তদন্তকারী কর্মকর্তা এসআই জোবাইন ফেরদৌসের সঙ্গে (মোবাইল: ০১৬৩৫৬৭৬০৫৯) যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। 

ইত্তেফাক/এপি