চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২ জুন) বিকেলে উপজেলার মনাকষা-চৌকা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মনাকষা-চৌকা এলাকার বাসিন্দা মাহিদুর রহমানের সঙ্গে মুকুল নামে এক ব্যক্তির দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার বিকেলে ওই বিরোধপূর্ণ জমির আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যে দুইজনকে থানায় আনা হয়েছে। পুরো ঘটনাটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

