শাহজাদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ১৫:৩৫

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বাড়ির পাশে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসমত আরা (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কায়েমপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, ওই গৃহবধূ ঝিরঝির বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে বাড়ির পাশে হাঁস খুঁজতে বের হন। এরপর হাঁটু পানির মধ্যে দিয়ে একটি খেলার মাঠ দিয়ে যাওয়ার সময় বিদ্যুতের ছেড়া তারের স্পর্শে সে মারা যায়।

ইসমত আরার স্বামী কালু প্রামাণিক জানান, তার ঘরে সাত বছরের শিশু কন্যা রয়েছে । মেয়েকে ঘরে রেখে এদিন সন্ধ্যায় ইসমত আরা একটি ছাতা নিয়ে বাড়ির বাইরে হাঁস খুঁজতে বের হন। এরপর আর সে বাড়ি ফিরে আসেনি। শনিবার সকালে তাকে একটি খেলার মাঠে জমে থাকা পানির মধ্যে মৃত্যু অবস্থায় পড়ে থাকতে  দেখা যায়। এ খবর পেয়ে সকালে শাহজাদপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় । 

আরও পড়ুন: সাংবাদিকের স্ত্রীর উপর অজ্ঞান পার্টির স্প্রে, স্বর্ণ ও নগদ টাকা ছিনতাই

নিহতের পরিবার থেকে অভিযোগ করা হয়, উপজেলার কায়েমপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য মেম্বর ইকবাল হোসেন ওই ক্লাবের সভাপতি। তার সঙ্গে যুক্ত হয়ে একই এলাকার মিজান ও মিঠুন খেলার মাঠে এবারের বর্ষায় মাছ ছাড়েন। চুরির হাত থেকে মাছ রক্ষায় তারা ক্লাব ঘর থেকে জিআই তারের সঙ্গে বিদ্যুতের তার টানিয়ে মাঠে আলোর ব্যবস্থা করেন। ওই তারের স্পর্শে এসেই ইসমত আরার মৃত্যু হয়। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য ওই ইউপি সদস্যকে থানায় ডেকে নেওয়া হয়েছে । 

শাহজাদপুর থানার এসআই শামিউল ইসলাম জানান, তরুণসংঘ  নামের একটি ক্লাব এবার বর্ষায় ওই খেলার মাঠে মাছ চাষ করছে। ক্লাবঘর থেকে তার টানিয়ে মাঠে আলোর ব্যবস্থা করা হয়। ধারনা করা হচ্ছে ওই তারের স্পর্শে ইসমত আরার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানান যাবে বলে জানান তিনি। 


ইত্তেফাক/এএএম