৭০ বছরের পুরনো মসজিদ গুড়িয়ে দিল পুলিশ

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ২১:৫৯

পাকিস্তানের পাঞ্জাবে আহমাদি মতবাদে বিশ্বাসী সংখ্যালঘু মুসলিমগোষ্ঠীর একটি মসজিদ গুড়িয়ে দিয়েছে প্রদেশের পুলিশ। মসজিদটি ৭০ বছরের পুরোনো ছিল। সালিম উদ্দিন নামে আহমাদি মুসলিমগোষ্ঠীর একজন মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে দ্য ওয়াশিংটন পোস্ট।

সালিম জানান, রবিবার মুলতানের হাসিলপুর গ্রামে জেলা পুলিশের কয়েকজন কর্মকর্তা এসে মাটির ইটে তৈরি ঐতিহ্যবাহী মসজিদটি ভেঙে দিয়ে গেছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ গ্রামটিতে মাত্র ডজনখানেক আহমাদি মুসলিমের বসবাস। শুধু মসজিদই নয়, এমনকি তার পাশে অবস্থিত তাদের ইমামের জন্য সংরক্ষিত ঘরটিও পুলিশ ভেঙে ফেলেছে।

মসজিদটি ভাঙার সময় কর্তৃপক্ষ দাবি করে, সরকারি খাস জমি দখল করে অবৈধভাবে এটি নির্মান করা হয়েছিল। কিন্তু ওই গোত্রের মুসলিমরা কর্তৃপক্ষের এই দাবি অস্বীকার করে। পাকিস্তান সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে এখন পর্যন্ত কোন আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

আরও পড়ুন: সরকার যখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, তখন হাসি পায়: ফখরুল

উল্লেখ্য, প্রায় ২২ কোটি জনগণের দেশ পাকিস্তানে বর্তমানে মাত্র ৫ লাখ আহমাদি মুসলিম বাস করেন। ১৯৭৪ সালে পাকিস্তান সরকার তাদের অ-মুসলিম বলে ঘোষণা করে। পাকিস্তানের সুন্নি মুসলিমরা তাদের নাস্তিক বলে মনে করে। পাকিস্তানে প্রায়শই আহমাদিদের বাড়িঘর ও মসজিদগুলো সুন্নিদের আক্রমণের শিকার হয়ে থাকে। সরকারের কাছেও বেশির ভাগ ক্ষেত্রেই তারা উপেক্ষিত হন।

ইত্তেফাক/এসএইচএম