সরকারি হাসপাতালে গৃহবধূর শ্লীলতাহানি, আটক ১

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ১৭:৩২

কুমিল্লার লাকসাম সরকারি হাসপাতালে অসুস্থ শিশু সন্তানকে নিয়ে ভর্তি হওয়া এক গৃহবধূকে (৩০) শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত ওই যুবকের নাম আমজাদ হোসেন (২৮)। সে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ফিরোজ মিয়ার ছেলে।

জানা গেছে, লাকসাম পৌরসভার গন্ডামারা এলাকার ওই গৃহবধূ তার অসুস্থ শিশু সন্তানকে নিয়ে হাসপাতালের নারী ওয়ার্ডে ভর্তি হন। এরপর মঙ্গলবার দিবাগত রাতে ৩ মাস বয়সী শিশু সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। মধ্যরাতে পাশের পুরুষ ওয়ার্ডে ভর্তি থাকা আমজাদ তাকে জোরপূর্বক শ্লীলতাহানি করে। এ সময় গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে আটক করে। পরে খবর পেয়ে লাকসাম থানা পুলিশ যুবককে আটক করে থানায় নিয়ে যায়। বুধবার তাকে কুমিল্লা আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠায়।

আরও পড়ুন: ইলিশ শিকারিদের বিরুদ্ধে অভিযানকালে নৌ পুলিশের ওপর হামলা

এ বিষয়ে লাকসাম থানার ওসি মো. নিজাম উদ্দিন বলেন, ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে শ্লীলতাহানির অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। আসামিকে কুমিল্লা আদালতে চালান দেওয়া হয়েছে।

ইত্তেফাক/এএএম