নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণি প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার ও পরদিন শনিবার অনুষ্ঠিত হবে। বিগত বছরগুলোর মতো এবারও দেড় লক্ষাধিক মানুষের (পরীক্ষার্থী ও অভিভাবক) নিরাপত্তা ও থাকা-খাওয়ার ব্যবস্থা এবং পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং প্রশাসনের পাশাপাশি নোয়াখালী পৌরসভা, উপজেলা পরিষদ, রেড ক্রিসেন্ট, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবি সংগঠস ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদে ১ হাজার ২৮৫টি আসনের বিপরীতে রেজিস্ট্রেশনকৃত ৬৮ হাজার ৭৬০জন ভর্তিচ্ছুক পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এতে করে এক-একটি আসনের বিপরীতে লড়বে ৫৩.৫১জন। বিশ্ববিদ্যালয় ছাড়াও জেলা শহর মাইজদীতে ২১টি ও বেগমগঞ্জে ৮টি কেন্দ্রসহ ৩০টি কেন্দ্রে সকাল ও বিকালে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা উপলক্ষে জেলার বাইরে থেকে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকসহ দেড় লক্ষাধিক মানুষের সমাগম হবে শহরে। বিপুলসংখ্যক মানুষের নিরাপত্তা ও থাকা-খাওয়ার ব্যবস্থা এবং পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
আরো পড়ুন: পাকিস্তানে ট্রেনে অগ্নিকাণ্ডে ৬২ জনের প্রাণহানি
এ জন্য মঙ্গলবার দুপুরে নোয়াখালী পৌরসভা মিলনায়তনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর মেয়র শহীদ উল্যাহ খাঁন সোহেল। বুধবার সকালে জেলা রেডক্রিসেন্ট সোসাইটিতে সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম সেলিম এবং বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান সামসু্দ্দিন জেহান। এতে নোবিপ্রবির ভিসি প্রফেসর ড. দিদার উল আলম প্রধান অতিথি, জেলা প্রশাসক তন্ময় দাস ও পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বিশেষ অতিথি ছিলেন।
ইত্তেফাক/আরকেজি
