কাশ্মীরে গ্রেনেড হামলায় নিহত ১, আহত ১৫

আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ১৭:০৫

কাশ্মীরের শ্রীনগরে গ্রেনেড হামলায় ১ জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে চালানো হামলায় হতাহতের এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। 

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সোমবার দুপুরে শ্রীনগরের হরি সিং হাই স্ট্রিট এলাকায় একটি সবজির বাজারে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে বিচ্ছিন্নতাবাদীরা। এ সময় হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। সেখানে ১ জন মারা যান। আহত অপর ১৫ জনের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতদের সবাই বেসামরিক লোক। 

আরও পড়ুন: বিএনপি নেতা সাদেক হোসেন খোকা আর নেই

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি কাশ্মীরের বাইরের এক ব্যবসায়ী। হামলার সময় নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্য ওই এলাকায় টহলরত ছিলেন। 

কাশ্মীরে গত দুই সপ্তাহের মধ্যে এটি তৃতীয় বারের মতো গ্রেনেড হামলা। এর আগে গত সপ্তাহে সপোর শহরে এক হামলায় ১৫ জন বেসামরিক লোক আহত হয়েছিলেন। তাছাড়া গত ২৬ অক্টোবর পৃথক হামলায় ৬ জন নিরাপত্তাবাহিনীর সদস্য আহত হয়েছিলেন। 

ইত্তেফাক/এসইউ