কাপাসিয়ায় বিএনপি প্রার্থীর গাড়িবহরে হামলা, প্রার্থীসহ আহত ১২

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ০০:৩৩

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ কাপাসিয়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহ্ রিয়াজুল হান্নান। শুক্রবার সন্ধ্যায় সনমানিয়া ইউনিয়নের আড়াল বাজারে প্রচারণার সময় তিনি হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় তিনিসহ ১২ নেতাকর্মী আহত হয়েছে। তার গাড়িসহ অন্তত ৪/৫ টি মোটর সাইকেল  ভাংচুর হয়েছে। 

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার কাপাসিয়ার সাফাইশ্রীস্থ অস্থায়ী কাযালয়ে আয়োজিত জরুরী সংবাদ সম্মেলনে রিয়াজুল হান্নান এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে শাহ্ রিয়াজুল হান্নান বলেন, 'পূর্ব নির্ধারিত কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার দিনব্যাপী সনমানিয়া ইউনিয়নে গণসংযোগ শেষে তিনি আড়াল বাজারে যান। সেখানে তিনি নেতাকর্মীদের নিয়ে মসজিদে মাগরিবের নামাজ পড়তে যাবার পথে ৩ দফা হামলার শিকার হন। হামলাকারীরা লাঠিসোটা নিয়ে হামলা করে।

এ ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা জাবেদ, যুবদল নেতা শফিকুল, ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ,আশিক মিয়া ও অপর ৭ নেতাকর্মী আহত হয়। হামলাকারীরা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে তার গায়ের পাঞ্জাবি ছিঁড়ে ফেলে। 

তিনি আরো জানান, 'যেখানেই তাদের কর্মসূচী থাকে সেখানেই আওয়ামী লীগ উস্কানিমূলক মিছিল দিয়ে হামলা করে মিথ্যা ঘটনা সাজিয়ে মামলা দিয়ে তাদের হয়রানি করছে।'

তিনি বলেন, 'আমি জীবনের নিরাপত্তা নিয়ে শংকিত। এ অবস্থা চলতে থাকলে নির্বাচনের প্রচারণা চালানো সম্ভব হবে না।'

আরও পড়ুনঃ সিরাজগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে বিএনপি প্রার্থীসহ ১৫ জন আহত

পরে রাতেই তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরার কার্যলয়ে উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করেন ও নিজের নিরাপত্তা দাবি করেন।

ইত্তেফাক/নূহু