মহিলা পরিষদের অনুষ্ঠানে বক্তারা

জেন্ডার সংবেদনশীল মানবসম্পদ গড়ে তুলতে হবে

আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ০০:৪২

জেন্ডার সংবেদনশীল মানব সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই জেন্ডার সংবেদনশীল মানবসম্পদ গড়ে তুলতে হবে। একই সঙ্গে সন্তানদের ছোটবেলা থেকে সমানভাবে গড়ে তোলার শিক্ষা দিতে হবে। শিক্ষার্থীদের ঘরে বাইরে সমান ভাবে কাজ করতে হবে।

গতকাল শনিবার বিকেলে সেগুনবাগিচায় সংগঠনের আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে মহিলা পরিষদ পরিচালিত ‘জেন্ডার, নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন’ বিষয়ক নবম সার্টিফিকেট কোর্সের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এবং জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান  ড. মিজানুর রহমান বলেন, দুশ্চিন্তার বিষয় হলো বাংলাদেশে মানবাধিকার ক্রমশ সংকুচিত হচ্ছে। এই অবস্থায় আমাদের একত্র হয়ে সংগ্রাম করতে হবে।

মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ডা. ফওজিয়া মোসলেমের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও কোর্স পরিচালক সীমা মোসলেম, বিআইডিএস এর সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক নূরে নির্ভানা বৃষ্টি, পুলিশ হেডকোয়ার্টারের  এআইজি শামীমা বেগম প্রমুখ।