বিশ্ববিদ্যালয়ে পরিকল্পিত অচলাবস্থা সৃষ্টি করা হচ্ছে : শিক্ষা উপমন্ত্রী

আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ০৬:১২

শিক্ষা উপমন্ত্রী মহীবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা সৃষ্টি করা হচ্ছে। বন্ধ থাকা বিশ্ববিদ্যালয়ে তালা ভেঙে হলে প্রবেশ করা অন্যায়। গতকাল শনিবার দুপুরে সাভারের বিরুলিয়ায় ইস্টার্ন ইউনিভার্সিটির ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা উপমন্ত্রী। এতে সমাবর্তন বক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিজ জোয়েন ওয়্যাগনার। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লিয়াকত হোসেন মোগল, ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, কলা অনুষদের ডিন অধ্যাপক তাহমিনা আহমেদ প্রমুখ।

আরও পড়ুন: দেশে জাপানের বিশাল বিনিয়োগ আসছে :অর্থমন্ত্রী

এ সময় উপমন্ত্রী ইস্টার্ন ইউনিভার্সিটির চারটি অনুষদ থেকে সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত ৯ শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করেন। এদের মধ্যে চ্যান্সেলর গোল্ড মেডেল পান দুই জন নওশীন রহমান ও শ্রাবণী।

পরে উপমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা উপাচার্যের বিরুদ্ধে কিছু অভিযোগ শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছেন। সেই সঙ্গে আন্দোলনকারীদের বিপক্ষে মন্ত্রণালয়ে অভিযোগপত্র দিয়েছেন উপাচার্যের পক্ষে শিক্ষকরা। যেহেতু দুই পক্ষের অভিযোগ জমা পড়েছে সরকার বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত করবে।

ইত্তেফাক/এসইউ