খোলা বাজারে লবণ বিক্রি শুরু করেছে বিসিক

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ০০:২৭

ভোক্তাদের সুবিধার্থে গতকাল বুধবার থেকে রাজধানীতে খোলাবাজারে লবণ বিক্রি শুরু করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। মোট চারটি স্পটে এই লবণ বিক্রি করা হচ্ছে। স্পটগুলো হচ্ছে : উত্তরা বিজিবি মার্কেট, ধানমন্ডি ৯/এ, মিরপুর-১ এবং লালবাগ শ্যামা সল্ট মিল প্রাঙ্গণ। প্রতি কেজি সরু লবণ ৩০ টাকা এবং মোটা লবণ ১৪ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

এদিকে গতকালও রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় লবণ নিয়ে নানা গুজবের কথা শোনা যায়। কিনতে গিয়ে দোকানে লবণ পাওয়া যায়নি—এমন অভিযোগ করেছেন অনেকে।

তবে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, পর্যাপ্ত মজুতের ফলে শুধু ছয় মাস নয়, আগামী এক বছরেও লবণের কোনো ঘাটতি হবে না। এরই মধ্যে নতুন মৌসুমের উত্পাদিত লবণও বাজারে আসতে শুরু করেছে বলে তিনি জানান। গতকাল রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ডিজিটাল ওয়েজ সামিটের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

তিনি বলেন, দেশে দৈনিক ভোজ্য লবণের চাহিদা ২ হাজার ৪৫৪ টন। কিন্তু মিলগুলো প্রতিদিন ৩ হাজার টন লবণ উত্পাদন করছে। গত মঙ্গলবার মিলগুলো থেকে বাজারে ৩ হাজার ২০০ টন লবণ সরবরাহ করা হচ্ছে।