সিঙ্গাপুর রাইটার্স ফ্যাস্টিভালের সমাপনী অনুষ্ঠানে অভিবাসী ও স্থানীয় কবিদের কাব্য সংকলন ‘কল অ্যান্ড রেসপন্স’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো. মোস্তাফিজুর রহমান কাব্যগ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।
কবিতার সংকলনটি জাকির হোসেন খোকন, রোলিন্দা এসপানোলা এবং জসুয়ার যৌথ সম্পাদনায় সিঙ্গাপুরের খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান ‘ম্যাথ পেপার প্রেস’ থেকে প্রকাশিত হয়েছে। ইংরেজিতে প্রকাশিত বইটিতে বাংলাদেশি ১২ জন কবিসহ সিঙ্গাপুর, ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও চীনের ৬৪ জন কবির কবিতা স্থান পেয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে হাই কমিশনার কাব্য সংকলনটির প্রশংসা করে বলেন, এর মাধ্যমে অভিবাসীদের সুখ-দুঃখের গাঁথা যেমন উঠে এসেছে, অন্যদিকে স্থানীয় কবিদের কবিতায় অভিবাসীদের প্রতি তাদের সহমর্মিতা ফুটে উঠেছে। কাব্যচর্চার মাধ্যমে বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠীর মধ্যে এক নতুন বন্ধনের সৃষ্টি করেছে।
আরও পড়ুন: মুশফিকের ইতিহাসের পর বাংলাদেশের ইনিংস ঘোষণা
তিনি আরও বলেন, সাহিত্য-সংস্কৃতির প্রভাব ভৌগলিক সীমারেখা ছাড়িয়ে সবাইকে বিশ্ব নাগরিকে পরিণত করে। অভিবাসী ও স্থানীয় কবিদের সুকুমার বৃত্তির চর্চা মানবতার কল্যাণে নিবেদিত হবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অভিবাসী কর্মীরা তাদের কাজের অবসরে কাব্যচর্চার মাধ্যমে যে মেধার স্বাক্ষর রেখেছেন, সেজন্য তাদেরকে অভিনন্দন জানান এবং এ ধরণের সৃজনশীল কাজে হাই কমিশনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
ইত্তেফাক/বিএএফ
