বরিশালে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিভাগীয় বিক্ষোভ সমাবেশ শেষে বাসায় ফেরার পথে দলের কেন্দ্রিয় কমিটির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার বিকেল পৌনে তিনটার দিকে নগরীর নাজিরের পোল এলাকা থেকে কোতয়ালী থানা পুলিশ তাকে গ্রেফতারের পর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে বিচারক শামীম আহমেদ তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান জানান, আকন কুদ্দুসুর রহমান ২০১৩ সালের ২৭ নভেম্বর নগরীর বিমানবন্দর থানায় দায়েরকৃত একটি মামলার ওয়ারেন্টভূক্ত আসামি। সরকারি কাজে বাধা দান এবং জনশান্তি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পুলিশ বাদী হয়ে ঐ মামলা দায়ের করে।
তবে আকন কুদ্দুসুর রহমানের আইনজীবী আবুল কালাম আজাদ জানিয়েছেন এই মামলার অভিযোগ মিথ্যা। বরিশালে বেগম জিয়ার মুক্তি দাবিতে বিএনপির সমাবেশ শেষে বাসায় ফেরার পথে পুলিশ তাকে আটক করে একটি গায়েবী মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে।
ইত্তেফাক/এএম
