‘জিনের বাদশা’ প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার

আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ২১:০৭

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রতারক চক্র ‘জিনের বাদশা’র  দুই সদস্যকে প্রতারণার দায়ে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে নারায়ণগঞ্জ ডিবি পুলিশের একটি দল উপজেলার মদন এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।   

গ্রেফতারকৃতরা হলেন, মহিউদ্দীন মিয়া ওরফে তৌহিদ (২৮) ও শিবু মোহন্ত (৪০)। তারা দুজনই গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা। 

নারায়ণগঞ্জ ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, সম্প্রতি ‘জিনের বাদশা’ প্রতারক চক্রের সদস্যরা নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার বাসিন্দা মাহমুদুল হাসানের কাছ থেকে নগদ ৩ লাখ ৮৬ হাজার টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার কৌশলে হাতিয়ে করে নেয়। এই অভিযোগে মাহমুদুল হাসান গত ৩০ অক্টোবর ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেন। 

আরও পড়ুন: যুবলীগের চেয়ারম্যান পরশ, সাধারণ সম্পাদক নিখিল

তিনি আরও জানান, আসামীদের ধরতে নারায়ণগঞ্জ গোয়েন্দা (ডিবি) পুলিশ প্রযুক্তি ব্যবহার করে শনিবার ভোরে গোবিন্দগঞ্জের মদন এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে মামলার মূল আসামী তৌহিদ মিয়াকে গ্রেফতার করে। পরে তৌহিদের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলা শহরের শিবা জুয়েলার্স থেকে শিবু মোহন্ত নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ২০ ভরি গলানো সোনা উদ্ধার করা হয়। আজ রাতেই তাদেরকে নারায়ণগঞ্জ নিয়ে যাওয়া হবে। 

ইত্তেফাক/এসইউ