একাদশ জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৫ম বৈঠক শনিবার সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে শুরু হয়েছে। কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম,এমপি এসভায় সভাপতিত্ব করছেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পূর্বেকার চারটি বৈঠক জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হলেও রাজধানীর বাইরে আজ খাগড়াছড়িতে ৫ম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। গত ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২২তম বর্ষপূর্তির প্রাক্কালে সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষরকারী পক্ষ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি চুক্তির যথাযথ বাস্তবায়নে সরকারের কালক্ষেপনের যে অভিযোগ এনেছেন সে প্রেক্ষাপটে দুই সপ্তাহের ব্যবধানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এ বৈঠককে খুব গুরুত্বের সাথে দেখছেন স্থানীয়রা।
আরো পড়ুন: দেশের উত্তরপশ্চিমাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
সূত্র জানায়, আজকের বৈঠকে বিগত চারবারের বৈঠকে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা করার পাশাপাশি পার্বত্য জেলায় প্রাথমিক শিক্ষার উন্নয়নে গৃহীত পদক্ষেপ ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ প্রসঙ্গ, পার্বত্য চট্টগ্রামের ভূমি ব্যবস্থাপনা ও ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন-২০০১ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে আলোচনা ও জুমচাষ এবং ভূট্টা চাষ সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এবং খাগড়াছড়ি জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, ও এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি, পার্বত্য চট্টগ্রাম উদ্বাস্তু ও শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি এবং বাসন্তী চাকমা এমপি উপস্থিত রয়েছেন। এছাড়াও সভায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এবং তিন পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তাসহ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত রয়েছেন।
ইত্তেফাক/এমআরএম
