পটুয়াখালী প্রতিনিধি
‘এবারের নির্বাচনে সকলের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। আমরা উত্সবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে চাই। মানুষ যাতে ভোট দিয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সেই ব্যবস্থা করতে হবে।’ এজন্য নির্বাচন কমিশনের পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশন কাজ করছে উল্লেখ করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। গতকাল মঙ্গলবার সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত নির্বাচনকালীন মানবাধিকার সংরক্ষণবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, ‘নির্বাচনকালীন ও পরবর্তী সময়ে যাতে কোনো মানুষ সহিংসতার শিকার না হয় সে বিষয়ে আমাদের সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। কোনো অবস্থাতেই দেশবিরোধী কিংবা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কোনো কর্মকাণ্ড যেন না ঘটে, সে দিকেও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে। আগামী ৩০ ডিসেম্বর এমন একটি পরিবেশ নিশ্চিত করতে হবে যাতে প্রত্যেক নাগরিক তার নিজ ভোট নিজের পছন্দের প্রার্থীকে প্রদান করতে পারেন।
জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হেমায়েত উদ্দিনের সঞ্চালনায় মতবিনিয়ম সভায় অন্যদের মধ্যে পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান মোহন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
