ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ সমর্থক দুই দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার সকাল ৯ টার দিকে উপজেলার সোনদাহ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহতদের ৭ জনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করা হয়েছে। বাকিদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
আরও পড়ুন: রামুতে মাটির ঘরের দেয়াল ধসে গৃহবধূর মৃত্যু
৯ নম্বর মনোহরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সোনদাহ গ্রামের মেম্বর শরিফুল ইসলাম জানান, তাদের গ্রামে দুটি সামাজিক দল রয়েছে। এক দলের নেতৃত্ব দেন মতলেব হোসেন। তার প্রতিপক্ষ দলের নেতৃত্ব দেন জালাল উদ্দিন। গত উপজেলা নির্বাচনে মতলেব হোসেনের দল নৌকার প্রার্থীকে এবং জালাল উদ্দিনের দল আনারস প্রতিকের প্রার্থী সমর্থন দেয়। আনারস প্রতিকের প্রার্থী জয় লাভ করে। গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে শত্রুতা চলে আসছে।। ৫ দিন আগে গ্রামের একটি চায়ের দোকানে বসে কয়েক জন গল্প করছিল। এ সময় জালাল উদ্দিনের লোকজন হামলা করে। এতে একজন আহত হয়। এ ঘটনা থানায় মামলা হয়। গতকাল শুক্রবার এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। তার জের ধরে আজ সকাল সাড়ে ৮ টার দিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, ওই গ্রামে দুটি সামাজিক দল রয়েছে। আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে শত্রুতা চলে আসছে। তার জের ধরে আজ সকালে দুই পক্ষ দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইত্তেফাক/এমআরএম
