শাহজাদপুরে এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ছাত্রের নাম আশরাফুল ইসলাম (১৭ )। শনিবার সকালে নরিনা ইউনিয়নের জয়রামপুর গ্রামের এক মাঠে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তারপর শাহজাদপুর থানায় খবর দেয়।
খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে ।আশরাফুল সাতবাড়িয়া আব্দুস সামাদ আজাদ টেকনিকেল স্কুল এন্ড কলেজের প্রথম বর্ষের ছাত্র।
পুলিশ ও নিহতের স্বজনদের কাছ থেকে জানা যায়, নিহত আশরাফুল নরিনা ইউনিয়নের হানিফ নগর গ্রামের আজাদ আলীর ছেলে। শুক্রবার সন্ধ্যায় সে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরদিন ভোরে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে জয়রামপুর গ্রামের মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: সিংড়ায় ট্রাক্টরের ধাক্কায় মাদ্রাসা শিক্ষক নিহত
শাহজাদপুর থানার ওসি ( তদন্ত ) শহীদুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে শুক্রবার রাতের কোনও এক সময় আশরাফুলকে হত্যা করা হয়। স্থানীয়রা জানায় লাশের কিছুটা দূরে জিআই তার ও নেশা জাতীয় দ্রব্যে পাওয়া গেছে। তবে গ্রামের লোকদের কাছ থেকে জানা গেছে আশরাফুল কোনও ধরণের নেশার সঙ্গে জড়িত ছিল না। ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ইত্তেফাক/নূহু

