কেএম ফজলুর রহমান, ভাণ্ডারিয়া সংবাদদাতা
জাতীয় পার্টি জেপি’র চেয়ারম্যান, পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু গত বুধবার রাতে ভাণ্ডারিয়া বন্দর তাফসির ময়দানে ব্যবসায়ীদের সঙ্গে এক নির্বাচনী মতবিনিময় সভায় বলেন, আমাদের ১৪ দলীয় জোটের নির্বাচনে হারার কোনো অবকাশ নেই। ১৪ দলীয় জোট ক্ষমতায় এলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে দেশের আরও উন্নতি হবে। ভাণ্ডারিয়ায় হাট -বাজার পৌরসভাসহ বিভিন্ন স্থানে বাতির ব্যবস্থা করা হয়েছে যা কোনোদিন কেউ কল্পনা করে নাই। ভাণ্ডারিয়া গ্রিড সাব স্টেশন নির্মিত হয়েছে। এখান থেকে পার্শ্ববর্তী উপজেলাগুলোতে বিদ্যুত্ সরবরাহ হচ্ছে। আমি ৩৩ বছর ধরে আপনাদের নিয়ে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি। আমি কোনোদিন কারও বিরুদ্ধে অন্যায় ও অবিচার করিনি। আল্লাহ তায়ালা ক্ষমতা দেন ঈমান পরীক্ষার জন্য। আমি চেষ্টা করছি আল্লাহ যতটুকু ক্ষমতা দিয়েছেন সেটুকুই কাজ করতে। তিনি আরও বলেন, আমার একটি স্বপ্ন আছে সেটি হচ্ছে ভাণ্ডারিয়াকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তুলব।
ব্যবসায়ী মো. মিজানুর রহমান নিপু জোমাদ্দারের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ, উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফায়জুর রশিদ খসরু, জেপি’র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, জেপি’র সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, আওয়ামী লীগ নেতা হাফিজুর রশিদ তারিক, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সিকদার, ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি শহিদুল ইসলাম জোমাদ্দার, ব্যবসায়ী গোলাম কবির নান্টু প্রমুখ। এ সময় ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস সালাম খন্দকারসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সাধারণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
