স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড বিশ্বনাথ শাখার সাবেক দুই কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রাহকের কোটি টাকার আত্মসাতের অভিযোগে গতকাল মঙ্গলবার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বজলুর রহমান এ আদেশ দেন। ঐ দুই কর্মকর্তা হলেন—স্ট্যান্ডার্ড ব্যাংকের বিশ্বনাথ এসএমই/কৃষি শাখার সাবেক ক্যাশ ইনচার্জ সালাহ উদ্দিন আহমদ ও সাবেক ২য় কর্মকর্তা রাকিব আহমদ। এডিশনাল পাবলিক প্রসিকিউটর শামসুল ইসলাম বলেন, দুদকের মামলায় আসামিরা জামিন নিয়েছিলেন। জামিন শেষে তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন।
জানা গেছে, দুদক জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক রনজিত কুমার কর্মকার বিশ্বনাথ শাখার তিন কর্মকর্তা ও দুই গ্রাহকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে ২০১৭ সালের ১৬ নভেম্বর মামলাটি করেন। এতে ১ কোটি আড়াই লাখ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়। অন্য আসামিরা হলেন ব্যাংকটির বিশ্বনাথ এসএমই/কৃষি শাখার সাবেক ম্যানেজার হোসেন আহমদ, ব্যাংকের গ্রাহক মাহমুদুল কায়েস ও মোয়াজ্জেম হোসেন বিশ্বাস। এ মামলার চার্জশিট গত বছরের ১১ জুলাই অনুমোদন করে দুদক প্রধান কার্যালয়। চার্জশিটে ঐ পাঁচ আসামিকেই অভিযুক্ত করা হয়। মামলাটি তদন্ত করেন দুদক জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তফা বোরহান উদ্দিন আহমদ।
