চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে নোংরা স্থান বললো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। তবে ফেসবুকের পক্ষ থেকে বলা হয়েছে কারিগরি ত্রুটির কারণে এই ভুল হয়েছে তাদের। এমনটি জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
বর্তমানে মিয়ানমার সফর করছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সফরের দ্বিতীয় দিন গতকাল শনিবার মিয়ানমারের নেত্রী অং সাং সুচির সাথে ডিনারে যোগ দেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেই ডিনারের ছবি অং সাং সুচির পেজ থেকে ফেসবুকে ছাড়া হয়। সেখানে বার্মিজ ভাষায় লেখা হয় চীনের প্রেসিডেন্টের সম্মাননায় এই ডিনার। তবে বিপত্তি ঘটে যখন সেই লেখাটি ইংরেজীতে অনুবাদ করা হয়। বার্মিজ ভাষা থেকে ইংরেজী অনুবাদের সময় ফেসবুকে দেখা যায় প্রেসিডেন্ট 'নোংরা স্থানের' সম্মাননায় এই ডিনার। তবে রয়টার্স জানিয়েছে, ফেসবুক এই রকম ভুল করলেও গুগল ওই বার্মিজ ভাষার সঠিক অনুবাদ করতে সক্ষম হয়েছে।
এদিকে এমন ভুলের পর বিবৃতি দিয়েছে ফেসবুক। ফেসবুকের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, আমরা একটি কারিগরি ত্রুটি ঠিক করেছি যেটির কারণে বার্মিজ থেকে ইংলিশ অনুবাদ ভুল দেখাচ্ছিল। এমন হওয়া ঠিক হয়নি এবং আমরা পদক্ষেপ নিচ্ছি যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।
২০০৯ সালের জুলাই মাসে ফেসবুক পুরোপুরি নিষিদ্ধ করে চীন।তবে চীনে নিষিদ্ধ হলেও হংকংয়ে চালু রয়েছে ফেসবুক। এছাড়া চীনের বিভিন্ন কোম্পানি ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে থাকে। ফেসবুক যুক্তরাষ্ট্রের পর চীন থেকেই সবচেয়ে বেশি রাজস্ব আদায় করে।
ইত্তেফাক/এআর
