এবার নিজের উপর নির্যাতনের বিচার চাইলেন ঢাবি শিক্ষার্থী

আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ২০:০৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের চার শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়েছে নির্যাতনের শিকার আহত এক শিক্ষার্থী মুকিম। বুধবার সন্ধ্যার পর নিজ হলে নির্যাতিত হবার ঘটনার বিচার চেয়ে অবস্থান নিয়েছেন তিনি। 

সরেজমিনে দেখা যায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ছাত্রলীগের মারধরের শিকার চার শিক্ষার্থীর একজন মুকিমও। নির্যাতনের শিকার হওয়া মুকিম নির্যাতিত হওয়ার পরের রাতেই বিচার চেয়ে নেমে এসেছেন রাস্তায়। রাজু ভাস্কর্যের পাদদেশে হাতে লেখা বেশ কিছু প্ল্যাকার্ড নিয়ে বসেছেন তিনি। চেয়েছেন নিজ হলে নির্যাতিত হবার বিচার।  

মুকিমের হাতে প্ল্যাকার্ডে লেখা রয়েছে- ‘আমার কি হলে থাকার অধিকার নেই?’ ‘আমার হলে আমি নির্যাতিত কেন?’ ‘বিচার চাই’ ।

অবস্থান নেওয়া শিক্ষার্থী মুকিম ইত্তেফাককে জানান, 'গতকালের ঘটনায় আমাকে রাতভর মারধর করা হয়েছে। অথচ আমি শিবিরের সাথে কোনভাবেই সংশ্লিষ্ট নই।' 

তিনি বলেন, গত একবছরেরও বেশি সময় আমি হলে ও ক্যাম্পাসে অবস্থান করছি। কখনো আমার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তুলতে পারেনি কেউ। কিন্তু হঠাৎ করে কেন এ ধরণের অভিযোগ তা আমি নিজেও বুঝে উঠতে পারছি না। এমন অতর্কিত নির্যাতনের কঠোর বিচার দাবি করছি। 

আরও পড়ুন: ঢাবিতে ছাত্রলীগের নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ

এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ছাত্রলীগের মারধরের শিকার হন শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ৪ শিক্ষার্থী। আহত চার ছাত্র হলেন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সানওয়ার হোসেন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. মুকিম চৌধুরী, একই বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মিনহাজ উদ্দীন ও আরবি বিভাগের শিক্ষার্থী আফসার উদ্দীন। শিবির সন্দেহে মারধরের পর তাদেরকে প্রক্টরিয়াল বডির মাধ্যমে পুলিশের কাছে সোপর্দ করেন তারা। পরে সকালে শিক্ষার্থীদের থানা থেকে ছাড়িয়ে আনেন ডাকসু ভিপি নুরুল হক নুর ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেন।


ইত্তেফাক/আরআই