বোদায় বিরল প্রজাতির চিতা বাঘ দেখতে জনতার ভিড়

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ২০:৩১

পঞ্চগড়ের বোদায় একটি বিরল প্রজাতির চিতা বাঘ দেখতে দিনভর উৎসুক জনতার ভিড় লক্ষ করা গেছে। চিতা বাঘটি শনিবার দেখা গেছে উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের দনুয়াপাড়া গ্রামে। ওই গ্রামের একটি নালা নদীর ঝোপে বাঘটি আটকে ছিল।

বোদায় বিরল প্রজাতির চিতা বাঘ দেখতে উৎসুক জনতার ভিড়। ছবিঃ ইত্তেফাক।

আনুমানিক সাত ফুট লম্বা ও চার ফুট উঁচু চিতা বাঘটির খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে কয়েক শত মানুষজন চিতা বাঘটি দেখতে ঘটনাস্থলে ভিড় করে। উৎসুক জনতার ভিড় সামলাতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে বোদা থানার অফিসার ইনচার্জ আবু হায়দার মোঃ আশরাফুজ্জামান জানিয়েছেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত চিতা বাঘটিকে আটক করা যায়নি। পুলিশ ও এলাকাবাসী বাঘটি ঘিরে রেখেছে।

আরও পড়ুনঃ নন্দীগ্রামে অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

এ ব্যাপারে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শহিদুল ইসলাম জানান, রংপুর চিড়িয়াখানা থেকে লোকজন এসে বাঘটি আটক করবে। এলাকাবাসী ধারণা করছে ভারতীয় সীমান্ত দিয়ে এই চিতা বাঘটি বাংলাদেশে প্রবেশ করেছে।

ইত্তেফাক/নূহু