নিউইয়র্ক পুলিশে বাংলাদেশিদের জয়জয়কার

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ২২:০৪

বিশ্বের সেরা পুলিশ বাহিনীর অন্যতম নিউইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) ক্যাপ্টেন পদে শুক্রবার আনুষ্ঠানিকভাবে পদোন্নতির সনদ পেলেন বাংলাদেশি আমেরিকান খন্দকার আব্দুল্লাহ।

নিউইয়র্কের লোয়ার ম্যানহাটনের ওয়ান পুলিশ প্লাজার বিশাল অডিটোরিয়ামে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে ক্যাপ্টেন খন্দকার আব্দুল্লাহর হাতে সনদ তুলে দেন নিউইয়র্কের পুলিশ কমিশনার জেমস পি. ও’নিল। এ অনুষ্ঠানে ট্রাফিক সুপারভাইজার পদে পদোন্নতি পেয়েছেন আরো দুই বাংলাদেশি যথাক্রমে বোরহান আহমেদ ও মোহাম্মদ ওয়ালী। 

যুক্তরাষ্ট্রের ইতিহাসে খন্দকার আব্দুল্লাহ প্রথম বাংলাদেশি-আমেরিকান যিনি নিউইয়র্কের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদে অধিষ্ঠিত হলেন। খুব শিগগির আরো চারজন বাংলাদেশি ক্যাপ্টেন পদে পদোন্নতি পেতে যাচ্ছেন বলে দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে।

নিউইয়র্ক পুলিশে দুই শতাধিক নিয়মিত পুলিশ সদস্য রয়েছেন। ক্যাপ্টেন আব্দুল্লাহ ছাড়াও পুলিশের লেফটেন্যান্ট ও সার্জেন্ট পদে দায়িত্ব পালন করছেন উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি কর্মকর্তা। ফলে নিউইয়র্ক পুলিশে এখন বাংলাদেশিদের জয়জয়কার।  

বাবা-মায়ের সঙ্গে অভিবাসী হয়ে ১৯৯৩ সালে খন্দকার আব্দুল্লাহ আমেরিকায় পাড়ি জমান। নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত এলাকা কুইন্সের এস্টোরিয়া আর উডসাইড এলাকায় তার বেড়ে ওঠা। ২০০৭ সালে পুলিশ অফিসার হিসাবে এনওয়াইপিডিতে যোগ দেন খন্দকার আব্দুল্লাহ। ২০১৩ সালে তিনি সার্জেন্ট পদে উত্তীর্ণ হন। এরপর ২০১৬ সালের আগস্টে লেফটেন্যান্ট এবং সর্বশেষ ক্যাপ্টেন হলেন তিনি। ক্রিমিনাল জাস্টিসে স্নাতক খন্দকার আবদুল্লাহ দায়িত্ব পালনে সাহসিকতার জন্য আটটি মেডেল লাভ করেন।

সিলেটের বালাগঞ্জ উপজেলার তালতলা গ্রামের প্রয়াত খন্দকার মদব্বির আলী ও মুহিবুন্নেসা চৌধুরীর ছেলে খন্দকার আবদুল্লাহ। দুই সন্তানের জনক খন্দকার আবদুল্লাহ সপরিবারে লং আইল্যান্ড বসবাস করেন। 

আরো পড়ুন: মিরপুরে প্রশ্নবিদ্ধ আম্পায়ারিংয়ে সুনাম ক্ষুণ্ন

উল্লেখ্য, নিউইয়র্ক সিটির ট্রাফিকসহ পুলিশের অন্যান্য বিভাগ মিলে এক হাজারেরও বেশি বাংলাদেশি সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন।

এদিকে খন্দকার আব্দুল্লাহ, বোরহান আহমেদ এবং মোহাম্মদ ওয়ালী পদোন্নতি লাভ করায় অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন-বাপা।

সংগঠনের মিডিয়া লিয়াজোঁ ডিটেকটিভ জামিল সারোয়ার ইত্তেফাককে জানান, পদোন্নতিপ্রাপ্তরা বাপার সদস্য। বিশ্বের সেরা পুলিশ বাহিনী এনওয়াইপিডিতে বাংলাদেশিরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। ভবিষ্যতে এই পুলিশ বিভাগে আরো বড় পদে বাংলাদেশিরা একদিন দায়িত্বপালন করবে, আশাবাদ ব্যক্ত করেন জামিল সারোয়ার। 

ইত্তেফাক/জেডএইচ