স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহী-১ তানোর-গোদাগাড়ী আসনে জাতীয় ঐক্যফ্রন্ট তথা বিএনপির প্রার্থী ব্যারিস্টার আমিনুল হক বলেছেন, ‘সারাদেশে ধানের শীষের জোয়ার উঠেছে। মানুষ ধানের শীষে ভোট দিতে চায়। নিজের প্রতিদ্বন্দ্বী সরকার দলীয় প্রার্থী ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচার, বিএনপির প্রচারণায় বাধা ও পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ তুলে তিনি বলেন, নানা প্রতিকূলতা সত্ত্বেও আমরা কোনোভাবেই নির্বাচন ছেড়ে যাবো না।’
গতকাল রবিবার বেলা ১১টায় রাজশাহী সিটি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নিজের আসনের নির্বাচনী পরিবেশ তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ব্যারিস্টার আমিনুল হক।
সংবাদ সম্মেলনে তিনি ক্ষমতাসীন দলের প্রার্থী ও নেতা-কর্মীদের বিরুদ্ধে বিএনপির কর্মী-সমর্থকদের ভয়-ভীতি প্রদর্শন, হামলা ও মিথ্যা গায়েবী মামলায় গ্রেফতার করে কারাগারে পাঠানোর অভিযোগ তুলে বলেন, ‘প্রতিকূলতার মধ্যেও মানুষ ভোট কেন্দ্রে যাবে। তারা ধানের শীষে ভোট দেবে। আর ভোট সুষ্ঠুভাবে গণনা হলে ধানের শীষ বিপুল ভোটে জিতবে।’
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ তুলে ব্যারিস্টার আমিনুল হক বলেন, এসব বিষয়ে সহকারী রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। তিনি আরও বলেন, কোনো কর্মীর দ্বারা এমন কাজ হলেও মেনে নেয়া যায়। কিন্তু প্রার্থীর উপস্থিতিতে ও নির্দেশে এগুলো ভাঙা আশা করা যায় না। অভিযোগ দিয়েও প্রতিকার পাওয়া যাচ্ছে না। তাই তিনি নির্বাচনী সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী তার বিরুদ্ধে জঙ্গিবাদ নিয়ে যে প্রচারণা চালাচ্ছেন তার সত্যতা নেই। হাইকোর্টে গিয়ে আমার বিরুদ্ধে কেউ সাক্ষ্য দেয়নি। তিনি কখনোই এমন কাজের সাথে যুক্ত ছিলেন না। তার দ্বারা কেউ কখনোই ক্ষতিগ্রস্ত হননি।
