নাশকতা পরিকল্পনার অভিযোগ

জামায়াত নেতার বাড়ি থেকে আটক ৯৯ জন

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ১৯:৫০

নাশকতা পরিকল্পনার অভিযোগে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের ধানের শীষ প্রতীকের ৯৯ জন নেতাকর্মী ও সমর্থককে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার বিকেলে মোরেলগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের এসিলাহা পাইলট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ধানের শীষের প্রার্থী জেলা জামায়াতের সূরা সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীমের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। তবে এ সময়ে জামায়াত নেতা আব্দুল আলীমকে আটক করা হয়নি। অভিযানের সময়ে কোন অবৈধ আগ্নেয়াস্ত্র বা বিস্ফোরকদ্রব্য পাওয়া গেছে কিনা তা পুলিশ নিশ্চিত করেনি।

বাগেরহাট-৪ আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেনের সঙ্গে ওই জামায়াত নেতা ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় মঙ্গলবার রাত সাতটায় এই প্রতিবেদককে বলেন, আসন্ন নির্বাচনে বাগেরহাট-৪ আসনে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা আব্দুল আলীমের বাড়িতে বসে তার সমর্থকরা নাশকতার পরিকল্পনার বৈঠক করছে এই গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে অভিযানে যায়। সেখানে অভিযান চালিয়ে পুলিশ ধানের শীষের প্রার্থীর মোট ৯৯ জনকে আটক করেছে। তবে প্রার্থীকে আটক করা হয়নি। আটকের বিষয়ে বিস্তারিত তথ্য প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের জানানো হবে জানান তিনি।

আরও পড়ুন: গয়েশ্বরের ওপর হামলা, হাসপাতালে ভর্তি

ইত্তেফাক/এমআই