এবার হোলি উৎসব বর্জনের ঘোষণা বিজেপি সভাপতির

আপডেট : ০৪ মার্চ ২০২০, ১৫:৩২

ভারতীয় জনতা পার্টি-বিজেপির সভাপতি জগত প্রকাশ নাড্ডা (জে পি নাড্ডা) বলেছেন, করোনার প্রাদুর্ভাবের কারণে এবার হোলি খেলার আয়োজনে অংশ নিচ্ছে না তিনি।  বুধবার সংবাদ সংস্থা এএনআই এর খবরে বিজেপি সভাপতির হোলি উৎসব বর্জনের কথা জানানো হয়।

জে পি নাড্ডা এক টুইট বার্তায় বলেছেন, বিশ্ব এখন কোভিড-১৯ ভাইরাসের সঙ্গে লড়াই করছে।  বিভিন্ন দেশ ও চিকিৎসকরা হাতে হাত রেখে কাজ করছে।  এমন অবস্থায় আমি ঘোষণা করছি, এবার আর কোন হোলি আয়োজনে অংশ নিচ্ছি না কিংবা হোলি খেলছি না।  সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

এর আগে প্রাণঘাতী করোনা ভাইরাস আতঙ্কে হোলি উৎসবে যোগ না দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  এক টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, বিশেষজ্ঞরা করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে বড় কোন জন সমাগম এড়ানোর পরামর্শ দিয়েছেন, সেই পরামর্শ মেনেই এইবারের হোলি উৎসবে আমি না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

আরও পড়ুন: ভারতেজুড়ে করোনা আতঙ্ক, আক্রান্ত বেড়ে ২৮

খবরে, বলা হয় ভারতে করোনাভাইরাসে নতুন করে ১৬ জন ইতালির পর্যটক আক্রান্ত হয়েছেন।  এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ২৮ জনে দাঁড়িয়েছে।  


ইত্তেফাক/আরআই