প্রতিপক্ষের ওপর আমার পূর্ণ সম্মান ও শ্রদ্ধাবোধ আছে: মাশরাফি

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ০২:২০

নড়াইল-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্ত্তুজা বলেছেন, 'আমার প্রতিপক্ষের ওপর পূর্ণ সম্মান ও  শ্রদ্ধাবোধ আছে। আমি চাই, আমার এখানে ফেয়ার ইলেকশন হউক। মানুষের সিদ্ধান্তকে মূল্যায়ন করা হউক। আল্লাহ যা চাইবে, আমি তাই মেনে নিব। জয় পরাজয় যাই হোক, তা মেনে নেব। আমি বিশ্বাস করি নির্বাচনে যে জিতবে তিনিই এলাকার উন্নয়নে কাজ করবেন।'

তিনি বলেন, 'সমাজে অতি উৎসাহী মানুষের অভাব নেই। আপনারা অতি উৎসাহী মানুষকে পাত্তা দিবেন না। আমি যদি এই নির্বাচনে জয়ী হই, এই নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী যদি সরকার গঠন করতে পারেন, তবে সারাদেশে মাননীয় প্রধানমন্ত্রীর যে উন্নয়নের কাজ চলছে, আমরা নড়াইলবাসীও এই উন্নয়নের অংশীদার হতে পারবো।'

তিনি আরও বলেন, 'আমি খেলার মাঠের মানুষ। আমি নতুন একটি পথে এসেছি। পথটা একটু কঠিন হলেও সকলের সহযোগিতা থাকলে ভাল কাজ করতে পারবো। আমি জোর জুলুম করার ইচ্ছা নিয়ে নড়াইলে আসিনি। আমি একটা উদ্দেশ্য নিয়ে নড়াইলে এসেছি। যেটা হলো এলাকার সুবিধা বঞ্চিত জনগনের পাশে বৃহত্তর পরিসরে দাঁড়ানো। আমি আমার পরিবার নিয়ে কমফোর্ট জোন ভেঙ্গে এলাকার মানুষের জন্য এখানে এসেছি।'

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে আটটায় নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

আরও পড়ুনঃ বিএনপি নেতৃত্বশূন্য তাই ভাড়াটে নেতার ওপর ভর করেছে: শেখ সেলিম

মতবিনিময় সভায় নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সাধারন সম্পাদক মীর্জা নজরুল ইসলাম, সাংবাদিক এনামুল কবীর টুকু, কার্তিক দাস, শামীমুল ইসলাম টুলু প্রমুখ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/নূহু