দুর্নীতির মামলায় পাকিস্তানে জং গ্রুপের এডিটর ইন চিফ আটক

আপডেট : ১৩ মার্চ ২০২০, ২০:২২

কয়েক দশকের পুরনো এক দুর্নীতির মামলায় বৃহস্পতিবার জং গ্রুপের এডিটর ইন চিফ মীর শাকিল উর রেহমানকে আটক করেছে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)। দেশটির বেশ কয়েকট বড় সংবাদপত্র ও জিও টেলিভিশন নেটওয়ার্কের মালিক ওই গ্রুপটি। অবশ্য জিও নেটওয়ার্ক বলছে, দুর্নীতি না, সংবাদমাধ্যমের অনুসন্ধানের কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে।

এনএবি জানিয়েছে, ১৯৮৬ সালে লাহোর শহরে একটি ভূমি ক্রয়ের ক্ষেত্রে অবৈধভাবে অনুমোদন নেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। 

জিও নিউজের এক বিবৃতিতে বলা হয়েছে, যাবতীয় ট্যাক্স পরিশোধ এবং আইনি প্রক্রিয়া মেনেই লাহোরের জমি কেনা হয়েছে। নিজের মালিকানাধীন চ্যানেলের বিভিন্ন অনুসন্ধানের কারণেই মীর শাকিলকে গ্রেফতার করেছে এনএবি। 

আরও পড়ুন: কুড়িগ্রামে সৌদি ও দুবাই ফেরত ৬ জন হোম কোয়ারেন্টাইনে

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, গত ১৮ মাসে আমাদের প্রতিবেদক, প্রযোজক ও সম্পাদকদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১২টিরও বেশি হুমকিমূলক নোটিশ পাঠিয়েছে এনএবি। ওই সংস্থাটিকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিবেদনের কারণে আমাদের চ্যানেল বন্ধ করে দেওয়ারও হুমকি দেওয়া হয়। 

তবে জং গ্রুপের এসব অভিযোগ ভুয়া ও ভিত্তিহীন বলে দাবি করেছে এনএবি।

ইত্তেফাক/এসি