সীতাকুণ্ডে আওয়ামী লীগ কর্মীদের আটককৃত ধানের শীষ প্রার্থীর গাড়ি থেকে পেট্রোল বোমার সরঞ্জাম ও একনলা বন্দুক পুলিশ উদ্ধার করেছে। অপরদিকে বিএনপি’র প্রার্থী এটাকে সাজানো নাটক বলে অভিযোগ করেছেন।
জানা গেছে, বুধবার দুপুর ২টায় বিএনপির প্রার্থী ইসহাক চৌধুরীর নিজ বাস ভবনে সাংবাদিক সম্মেলন চলছিল। এ সময় নৌকার সমর্থকরা প্রার্থীর বাস ভবন থেকে ৫’শ গজ দূরে জলিল গেইটের বিপরীতে চাইনিজ রেস্টুরেন্টের সামনে গাড়িটি আটক করলে পুলিশ তল্লাশি চালিয়ে পেট্রোল বোমার সরঞ্জাম ও একনলা বন্দুক পায় বলে পুলিশ জানায়। পুলিশ ধানের শীষ প্রার্থীর ড্রাইভার মেহেদী হাসান তারেক ও গাড়িটিসহ আটক করে থানায় নিয়ে যায়।
এদিকে বিএনপি’র প্রার্থী ইসহাক চৌধুরী বলেন, আমার সম্মেলনে আসা সাংবাদিকদের জন্য দুপুরের খাবার আনতে আমার ড্রাইভার জলিল গেইট এলাকায় একটি চাইনিজ রেস্টুরেন্টের সামনে অপেক্ষা করছিল। কিন্তু আওয়ামী লীগ ক্যাডাররা রেস্টুরেন্টের সামনে আমার গাড়ির ড্রাইভার খাবারের জন্য অপেক্ষা করা অবস্থায় তাকে গাড়ি থেকে বের করে পেট্রোল বোমা ও বন্দুক গাড়ির ভিতর রেখে দেয়। আর পুলিশ এটিকে সাজানো নাটকের মত মিথ্যা মামলা দিতে আমার ড্রাইভার ও গাড়িটি নিয়ে যায় এবং আওয়ামী ক্যাডাররা আমার খরচের জন্য ড্রাইভারের কাছে থাকা প্রায় আড়াই লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়।
এ ব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন জানান, উপস্থিত জনতা বিএনপি প্রার্থীর গাড়িটি সন্দেহ হলে আমাদের জানালে আমরা চেক করে পেট্রোল বোমা ও একনলা বন্দুক পাই। আমরা ড্রাইভারকে আটক করি এবং মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/এমআই
