ঘিওর (মানিকগঞ্জ) ও ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা
কোয়ারেন্টাইনে থাকার ব্যাপারে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় মঙ্গলবার মানিকগঞ্জের ঘিওর ও নওগাঁর ধামইরহাটে দুই ব্যক্তিকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। হোম কোয়ারেন্টাইনে না থাকায় ঘিওরে এক অস্ট্রেলিয়া প্রবাসীকে ১৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার। তিনি জানান, উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পশ্চিম কুশুন্ডা গ্রামে ঐ বাসিন্দাকে (৭০) হোম কোয়ারেন্টাইনের নির্দেশ দিলেও তিনি তা মানেননি। অপরদিকে, হোম কোয়ারেন্টাইন ভেঙে লোকালয়ে আসার অপরাধে ধামইরহাটে এক যুবককে (২২) ১ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গনপতি রায়ের ভ্রাম্যমাণ আদালত।
