করোনা ভাইরাস

বিয়ের প্রীতিভোজ করায় ১০ হাজার টাকা জরিমানা

আপডেট : ২৪ মার্চ ২০২০, ২২:০৭

রংপুরের কাউনিয়া উপজেলায় ঘটা করে বিয়ের প্রীতিভোজ অনুষ্ঠান করার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক ব্যাপক প্রচারণা ও নির্দেশনা থাকলেও তা না মেনে অনুষ্ঠান করার দায়ে জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. উলফত্ আরা বেগম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জনসমাগম হয় এমন অনুষ্ঠান না করার নিষেধাজ্ঞা থাকার পরও সোমবার সন্ধ্যায় উপজেলার টেপামধুপুর ইউনিয়নে নিজদর্পা গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে সরুজ মিয়া তার বাড়িতে বৌভাত অনুষ্ঠানের আয়োজন করে। লোক সমাগম বেশি হওয়ার সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেয়। এর আগে তাকে এ ব্যাপারে সতর্ক করা হয়েছে বলেও জানায় সংশ্লিষ্ট সূত্র।