করোনা প্রতিরোধে বাগেরহাটে চলছে ‘চোর-পুলিশ খেলা’

আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ১৩:০৭

কঠোর মনিটরিং না থাকায় শহর, গ্রাম, হাটবাজারসহ বিভিন্ন জায়গায় অধিকাংশ মানুষ মানছে না করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা। এতে করে বাগেরহাটে ভাইরাস সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাওয়ার পরই লোকজন ঘর থেকে দল বেধে সড়কে চলাচল করছে। আড্ডা দিচ্ছে খাবার হোটেল ও চায়ের দোকানসহ বিভিন্ন স্থানে।

আবার আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের দেখলে আড়ালে একটু সরে যাচ্ছে। একইভাবে শহরে প্রাইভেটকার ও মাক্রোবাসও চলছে। এ যেনো এক ধরনের ‘চোর-পুলিশ খেলা’ চলছে বাগেরহাটে।

একদিকে জেলা স্বাস্থ্য বিভাগের হিসেবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাগেরহাটে বাড়িতে ফেরা চার হাজার ২০০ জনের মধ্যে এখন পর্যন্ত আড়াই হাজারের অধিক প্রবাসী হোম কোয়ারেন্টাইনে নেই। 

আগের মতোই যানজটের সৃষ্টি। ছবি: ইত্তেফাক

বাগেরহাট শহরের মাছের বাজার, কাঁচা বাজার আগের মতোই জমজমাট। ওষুধের দোকান ছাড়া অন্য সব ব্যবসা প্রতিষ্ঠান সকাল ১০টার পূর্বে না খোলার নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না। 

শহরের ফলপট্রি মোড়ে লোক সমাগমে আগের মতোই যানজটের সৃষ্টি হচ্ছে। মাছ বাজার, কাঁচা বাজারেও ৩ ফুটের সামাজিক দূরত্ব কর্মসূচি না মেনে ব্যাপক জনসমাগম হচ্ছে। 

বাগেরহাটের দায়িত্বশীল আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, জেলা সদরসহ বাজারে নিয়মিত টহল দেওয়া হচ্ছে। সরকারি নির্দেশনা মেনে করোনা প্রতিরোধে জনগণকে ঘরে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। 

জনসাধারণকে বাইরে ঘোরাফেরা বা আড্ডা না দিয়ে থাকার জন্য বলা হচ্ছে। যখনই এ ব্যাপারে আরও কঠোর হওয়ার নির্দেশনা পাবেন, তখনই তারা আরো কঠোর হবেন বলে জানিয়েছেন । 

সড়কে পুলিশের টহল। ছবি: ইত্তেফাক

ইত্তেফাক/জেডএইচ